রংপুরে ইন্টারনেট অফিসে ভাঙচুর ও কর্মকর্তাদের হত্যার হুমকির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার রাতে যুবদল কেন্দ্রীয় সংসদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দিয়েছে।
বহিষ্কার হওয়া দুই নেতা হলেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মুন ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনাচারের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ডিশ-ব্যাবসা নিয়ন্ত্রণে নিতে গত ২৩ ফেব্রুয়ারি নগরীর কামাল কাছনা এলাকায় পূর্ব নির্ধারিত ফিডারের মাধ্যমে পরিচালিত ডিশের লাইন কেটে দেয় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব। পরবর্তী সময় এ ঘটনার বিচারসহ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ফিডার পরিবারের সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবদল নেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, গতকাল রবিবার বিকেলে আকিবুল রহমান মনু ও তামজিদুর রশীদ গালিবসহ ৮ থেকে ১০ জন নগরীর প্রেসক্লাব এলাকার ক্যাবল ওয়ানের অফিসে ঢুকে কর্মকর্তাদের গালিগালাজ, হুমকি ও ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন।
সংশ্লিষ্টরা জানান, এ সময় কামাল কাছনা এলাকায় যুবদল নেতা গালিবের লোককে নতুন ফিডার হিসেবে নিয়োগ দিতে বলা হয়। না দিলে ওই ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের জিএমসহ কর্মকর্তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, মায়া ইন্টারনেট ও ক্যাবল ওয়ানের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

