দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে ইরান দাবি করেছে তাদের আকাশে একটি ড্রোন দেখা যায়। ড্রোনটি তারা ভূপাতিত করারও দাবি করেছেন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির ফার্স প্রদেশের লার শহরের আকাশে একটি ড্রোন শনাক্ত করা হয়। তাদের দাবি, এটি একটি হারমিস ৯০০ ড্রোন।
আইআরজিসি জানায়, ড্রোনটি আকাশে প্রবেশ করার পর সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো ‘শত্রু বিমান’ ইরানের আকাশে প্রবেশ করলে, সেটি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমনকি কোনো সামরিক অভিযান না চালালেও এটি লঙ্ঘন হিসেবেই ধরা হবে। এ ধরনের ঘটনার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।
এদিকে বিশ্লেষকরা বলছেন, লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা বাধাগ্রস্ত হতে পারে। মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক আবাস আসলানি বলেন, ইরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে, যার মধ্যে লেবাননও রয়েছে।
তিনি বলেন, লেবানন আগের পরিস্থিতিতে ফিরতে চায় না। ইসরায়েল আগেও যুদ্ধবিরতি ভেঙে প্রায় প্রতিদিন হামলা চালিয়েছে। হিজবুল্লাহও চায় না আগের মতো পরিস্থিতি আবার ফিরে আসুক। তারা চায় স্থায়ীভাবে হামলা বন্ধ হোক।

