যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

0
যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও শেষ পর্যন্ত তা নাকচ করে দিয়েছে ফিফা। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানকে যুক্তরাষ্ট্রেই নিজেদের ম্যাচ খেলতে হবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, ফিফা স্পষ্ট করে দিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং কোনো ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।

এর আগে ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় আয়োজনের প্রস্তাব দেয়। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা।

মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, ম্যাচ সরানো হলে বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে, তাই ফিফা এ ধরনের পরিবর্তনে রাজি হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও পরে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবুও উত্তেজনা পুরোপুরি কমেনি।

এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় ইরান ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া নিরাপদ নাও হতে পারে।

এর জবাবে ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না।

আসন্ন বিশ্বকাপে ইরান রয়েছে গ্রুপ জি তে। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর, নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে ১৫ ও ২১ জুন এবং একটি সিয়াটলে ২৬ জুন অনুষ্ঠিত হবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ড্র অনুযায়ী সব ম্যাচ নির্ধারিত ভেন্যুতেই হবে এবং ইরান দলটির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here