সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ১২ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। আহত সেনাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটপূর্ণ।
শুক্রবার (২৯ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন হামলার জবাবে পুরো যুদ্ধজুড়ে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে। অব্যাহত এসব হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড হাজার হাজার সেনাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এমনকি অনেককে ইউরোপের মতো দূরবর্তী স্থানেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান বলেছে, হামলায় ঘাঁটিতে থাকা কমপক্ষে একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।
সূত্র : আল-জাজিরা

