যশোরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

0
যশোরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মনিহার চত্বরে বিজয় স্তম্ভে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। একই সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এরপর বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নার্গিস ইসলামের নেতৃত্বে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে যশোর টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে যোহরের নামাজের পর বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

একই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সরকারি শিশু পরিবার (বালিকা), শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) এবং যশোর কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here