যশোরের মণিরামপুর উপজেলায় একদিনে ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মণিরামপুর উপজেলায় এই ঘটনা ঘটে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বিভিন্ন এলাকা থেকে ১৫ জন কুকুরের কামড়ে হাসপাতালে ভর্তি হন। আহতদের মধ্যে রয়েছে শিশু, বৃদ্ধ ও মধ্যবয়সী মানুষ।
রাজগঞ্জ অঞ্চলের উত্তম চক্রবর্তী জানিয়েছেন, মশ্মিমনগরের একটি কুকুর পথচারীদের একের পর এক কামড় দিয়ে মণিরামপুরের দিকে চলে আসে। একই কুকুরের কামড়ে অনেকেই আক্রান্ত হয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক অনুপ বসু বলেন, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের ভ্যাকসিন নেই প্রায় আড়াই মাস। ইউএনও সম্রাট হোসেনকে বিষয়টি জানানো হয়েছে, তিনি দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন।

