যশোর শহর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে রাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খোলসি গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন জাহাঙ্গীর আলম। তিনি শহরের শংকরপুর মেডিকেল কলেজ এলাকায় ‘আর আর মেডিকেল ও জে আর এগ্রোভেট’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। ঘটনার পর তার পরিবার যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে অভিযোগ দেয়।
এরপর থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌগাছার খোলসি এলাকায় অভিযান চালায় র্যাবের একটি টিম। ইটভাটার কাছে একটি ছাপড়া ঘরের পাশে নিজের মোটরসাইকেলের সঙ্গে বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আগেই পালিয়ে যায়।
উদ্ধারের পর জাহাঙ্গীর আলমকে র্যাব ক্যাম্পে নেওয়া হয় ও তার পরিবারকে খবর দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, গত ৪ মার্চ যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, ২ মার্চ রাত ৯টার
দিকে দোকান বন্ধ করে সুজলপুর এলাকার বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত জাহাঙ্গীরকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়।
ওই রাতেই অপহৃতের মোবাইল ফোন ব্যবহার করে তার মা ও স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।
র্যাব কর্মকর্তা মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স বলেন, অপহৃত ব্যবসায়ীকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে এবং ঘটনার
বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

