যশোরের মঞ্চে এবার মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’

0
যশোরের মঞ্চে এবার মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’

মঞ্চের আলো-আঁধারিতে জন্ম নিতে যাচ্ছে এক যান্ত্রিক মানব, যার স্রষ্টা নিজেই তার সৃষ্টির ভয়াবহতায় আতঙ্কিত। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন কি পারবেন তার এই দানবীয় সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে? নাকি স্রষ্টা আর সৃষ্টির দ্বন্দ্বে ধ্বংস হবে মানবিক সম্পর্কগুলো? এমন এক শিহরণ জাগানিয়া বৈজ্ঞানিক আখ্যান নিয়ে যশোরের নাট্যাঙ্গনে হাজির হচ্ছে ‘শব্দ থিয়েটার’।

বিশ্ব নাট্যদিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৭টা ০১ মিনিটে যশোর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হতে যাচ্ছে নাটক ‘ফ্রাঙ্কেনস্টাইন’। বিখ্যাত ঔপন্যাসিক মেরি শেলির অমর সৃষ্টি ‘ফ্রাঙ্কেনস্টাইন অর মডার্ন প্রমিথিউস’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান। 

যশোরের নাট্যচর্চার ইতিহাসে এটিই প্রথম কোনো পূর্ণাঙ্গ সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক মঞ্চ প্রযোজনা। আর ‘শব্দ থিয়েটার’এর এটি দশম প্রযোজনা। 

আধুনিক বিজ্ঞানের নৈতিক সংকট এবং অতি আকাঙ্খার পরিণতির গল্প নিয়ে সাজানো এই নাটকটি দর্শকদের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

নাটকটির নাম ভূমিকায় অর্থাৎ ‘দানব’ হিসেবে অভিনয় করছেন স্বয়ং নির্দেশক মাস্উদ জামান। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে দেখা যাবে রিফাত মাহমুদকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা (নীল), আদিতা আনজুম (এলিজাবেথ), মো. তামিম গাজি (উইলিয়াম), মো. তানভির হাসান (কাঠুরিয়া), মো. হাসিবুর রহমান (ম্যাজিস্ট্রেট) এবং আবু দারদা যোবায়ের  (ডেলসি)।

নাটকটির সামগ্রিক পরিবেশনা আকর্ষণীয় করতে কোরিওগ্রাফিতে কাজ করেছেন অসীম দাস, তানভীর হাসান ও তামিম গাজী। মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন অরুণ মজুমদার ও আসিফ খান। আবহ সংগীতে মাস্উদ জামানের সাথে কাজ করেছেন ইব্রাহিম খলিল। 

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে আছেন সোহেল মাসুদ হাসান টিটো এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তাক আহমেদ পলাশ। 

২৭ মার্চ সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর টিকিটের মূল্য মাত্র একশত টাকা। শব্দ থিয়েটারের ওয়েবসাইট থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া যশোর শহরের বেস্ট চয়েজ, হালিম সায়েন্টিফিক, নিউ ঢাকা বস্ত্রালয় ও শিল্পকলা একাডেমি কাউন্টারেও টিকিট পাওয়া যাচ্ছে। 

যশোরের সাংস্কৃতিক বলয়ে এই সায়েন্স ফিকশন ড্রামাটি একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে বিশ্বাস স্থানীয় নাট্যকর্মীদের। বিজ্ঞানের জয়গান আর ট্রাজেডির মিশেলে এক রোমাঞ্চকর সন্ধ্যার অপেক্ষায় এখন যশোরের নাট্যমোদী দর্শক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here