টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সামনে রেখে সম্ভাব্য ফাইনালিস্ট বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁর মতে, আবারও ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
কলকাতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। পরদিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। আহমেদাবাদে রবিবার অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ভারত ও দক্ষিণ আফ্রিকা লড়েছিল। ব্রিজটাউনে সেই ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জেতে ভারত। ম্যাকগ্রার পূর্বাভাস সত্যি হলে টানা দ্বিতীয়বার দেখা যাবে এই দুই দলের ফাইনাল।
ইংল্যান্ডকে সমীহ করলেও সেমিফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন ম্যাকগ্রা। তাঁর মতে, দল হিসেবে ইংল্যান্ড শক্তিশালী হলেও এখনও নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। নেপালের বিপক্ষে হারের মুখ থেকে বেঁচে যাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ইংল্যান্ড বিপজ্জনক দল। নিজেদের দিনে জ্বলে উঠতে পারলে যেকোনো কিছু করতে পারে। তবে টুর্নামেন্ট জুড়ে ভারতের ধারাবাহিকতা বেশি। দুই দল একই মানের ক্রিকেট খেললে ভারতেরই ফাইনালে ওঠা উচিত।’
বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ চারে উঠেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রোটিয়াদের উন্নতিতে সন্তুষ্ট ম্যাকগ্রা। তাঁর ভাষায়, ‘কয়েক বছর আগে তারা টি-টোয়েন্টিতে বেশি মনোযোগ দেওয়ার কথা বলেছিল। এখন তাদের দলে মারকুটে ব্যাটসম্যান আছে, বোলিং আক্রমণও ভারসাম্যপূর্ণ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। ম্যাকগ্রার মতে, প্রোটিয়াদের সামনে পড়লেই কিউইরা যেন ছন্দ হারিয়ে ফেলে।
ভারতের বোলিং আক্রমণ নিয়েও বিশদ বিশ্লেষণ করেন এই অস্ট্রেলিয়ান গ্রেট। বিশেষ করে জাসপ্রিত বুমরাহকে বড় ম্যাচের ক্রিকেটার হিসেবে উল্লেখ করেন তিনি। ম্যাকগ্রা বলেন,’আর্শদিপ সিং ভালো করছে, তবে বুমরাহ বড় ম্যাচের খেলোয়াড়। গুরুত্বপূর্ণ মুহূর্তে সে নিজের সেরাটা বের করে আনতে পারে। বড় ম্যাচে বুমরাহর ওপর আমার পূর্ণ আস্থা আছে।’

