নেত্রকোনার কলমাকান্দায় পেট্রোলপাম্প থেকে মোটরসাইকেলে তেল এনে খোলা বাজারে বেশি দামে বিক্রির সময় আকরাম হোসেন (৩৪) নামের এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এতিমখানা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন উপজেলার আনন্দপুর গ্রামের আসমত আলীর ছেলে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে পেট্রোল বিক্রি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাহমুদুল হাসান জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

