মোংলায় দাবি করা টাকা না পেয়ে যুবককে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রতিবেশী

0
মোংলায় দাবি করা টাকা না পেয়ে যুবককে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রতিবেশী

মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বনি মোল্লা (১৮) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে গুরুতর আহত বনি মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সন্ধ্যায় মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শামছুর রহমান সড়ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বুধবার সকালে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী হারুন খাঁ (৫২) ও তাঁর ছেলে মাহি হোসেন অপুর (২০) সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। সম্প্রতি ভুক্তভোগী পরিবার ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। 

​ভুক্তভোগীর মা আছমা আক্তার বেবী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ছেলে বনি মোল্লা স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হারুন খাঁর নেতৃত্বে মাহি হোসেন অপুসহ ১০-১২ জন ব্যক্তি লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে বনির ওপর হামলা চালান। হামলায় বনির ঠোঁট কেটে যায়, সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং ডান হাতের কনুই ভেঙে যায়।

​স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত বনিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, জমি নিয়ে বিরোধ থাকলেও এটি ষড়যন্ত্র ও হয়রানিমূলক।

​মোংলা থানার এএসআই আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here