আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে ২৭০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ও ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, জেলার তিনটি উপজেলা নিয়ে গঠিত দুটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৮ দশমিক ৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মেহেরপুর ও চুয়াডাঙ্গা এই দুই জেলার সাতটি উপজেলা নিয়ে গঠিত চারটি সংসদীয় আসনের অধীনে থাকা ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে মোট ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি।
তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদস্যরা অস্ত্র ও গোলাবারুদসহ সর্বাত্মক প্রস্তুত অবস্থায় রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক তৎপরতার ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে।

