মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়ে শিশুদের কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গল ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। সম্মেলনটি শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনে ডা জুবাইদা রহমান প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি একজন চিকিৎসক হিসেবে এ বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।
বুধবার সকালে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প আগত অতিথিদের স্বাগত জানান। তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনি শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরে ডা জুবাইদা রহমান মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় শিশুদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে তারা একমত হন। একই সঙ্গে তিনি সম্মেলন আয়োজনের জন্য মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে সমাপনী অধিবেশন, গ্রুপ ফটো সেশন ও রিসেপশনে অংশ নেন।
এর আগে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিয়ে ডা জুবাইদা রহমান শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বাংলাদেশের অভিজ্ঞতার প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
সম্মেলনে হোয়াইট হাউসের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেওয়া হয়। এতে তিনি বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বাংলাদেশ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায়।
সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ১১টি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরা হয়। ডা জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।
এ সফরে তার সঙ্গে ছিলেন অধ্যাপক ড মোর্শেদ হাসান খান, ডা শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ব্যারিস্টার মেহনাজ মান্নান।

