লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে মৃত্যুর ৩৮ দিন পর এক বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে।
জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ বুড়িমারী আইসিপি দিয়ে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ১৯ মার্চ দুপুর ২টায় বাংলাদেশি নাগরিক মো. খাইরুল ইসলাম (৪২)-এর মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত খাইরুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পশ্চিম কালুরডাঙ্গা গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
উল্লেখ্য, তিনি গত ১৯ ফেব্রুয়ারি ২০২২ সালে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে ক্যান্সারের চিকিৎসার জন্য ভারতের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর ৩৮ দিন পর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করেছে।

