মুন্সীগঞ্জে ১৯ লাখ টাকার জাটকা আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় কোস্টগার্ড কম্পোজিট স্টেশন পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে এসব জাটকা আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড।
তথ্যসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টায় কোস্টগার্ড কম্পোজিট স্টেশন পদ্মা উত্তর থানার পদ্মা সেতুর টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি বাস তল্লাশি করে প্রায় ১৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় বাসচালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

