মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম,পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মতিউর রহমান (৫০)। তিনি কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর এলাকার মর্তুজ আলীর ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

