দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা ও গুরুত্ব নিয়ে মুন্সীগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা জাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সেমিনারে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে জাকাতের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আলোকপাত করেন কীভাবে ফরজ এই ইবাদাত মানুষকে আত্মিক শান্তি এবং অর্থনৈতিক মুক্তির পথ প্রদর্শন করতে পারে।
জাকাতের অর্থ সুনির্দিষ্ট ও যথাযথভাবে বিতরণের জন্য গঠিত জাকাত বোর্ডের কার্যক্রম এবং ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ব্যাংক ও যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের কার্যকারিতাও বিশ্লেষণ করা হয়।
বক্তারা আরও জানান, জাকাত সমাজে সম্পদ ও আয়ের বৈষম্য হ্রাসের পাশাপাশি ব্যক্তির আত্মমর্যাদা বজায় রাখা এবং মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে যথাযথভাবে এ পবিত্র দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, মো. সাহাবুদ্দীন, মুন্সীগঞ্জ সদর জামে মসজিদের ইমাম আবরারুল হক হাতেমী এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামি নেতারা।

