মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

0
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৬০ কেজি জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে জরিমানা করে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ও রিকাবীবাজার এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবহনের সময় ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সময় পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকার একটি কারখানা থেকে আরও ৬০ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. মনির মুন্সীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি কারখানার মালিককে জরিমানা করে কারখানাটি সিলগালা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, নদী ও জলাশয়ে জাটকা ও অন্যান্য ছোট মাছ রক্ষায় সরকার কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের জাল ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং মৎস্যসম্পদ ধ্বংসের ঝুঁকি তৈরি হয়।

তিনি বলেন, অবৈধ জাল উৎপাদন, সংরক্ষণ ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here