মুন্সীগঞ্জের ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

0
মুন্সীগঞ্জের ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

মুন্সীগঞ্জ জেলার ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় জেলার ১৯টি ফিলিং স্টেশন মালিকগণ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাবের প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ সময় সরবরাহব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক মহোদয় নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রয়, কৃত্রিম সংকট বা মজুতদারি পরিহার এবং ফিলিং স্টেশনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি জনস্বার্থ বিবেচনায় দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা জ্বালানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক ও জনবান্ধব রাখতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার মুন্সীগঞ্জ সদর মো. মাসুদুর রহমান এবং জেলার বিভিন্ন দফতরের প্রধানগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here