মুন্সীগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আলদি বাজারের একটি মুদি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে টিনের তৈরি দুটি মুদি দোকান ও একটি সেমিপাকা মিষ্টির দোকান আংশিকভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, শাহ আলম শেখ (মুদি দোকান), কামাল সরদার (মুদি দোকান) ও সন্দীপ ঘোষ (মিষ্টির দোকান)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দোকানের পাশের ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

