মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন।

এছাড়া, মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। এক‌ই সাথে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, আজ শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ারকেয়ারের অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here