মিয়ানমারে পাচারের জন্য রাখা বিপুল পরিমাণ রাসায়নিক জব্দ

0
মিয়ানমারে পাচারের জন্য রাখা বিপুল পরিমাণ রাসায়নিক জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য মজুদ রাখা প্রায় ৩ হাজার লিটার রাসায়নিক জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার পালংখালীর ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এবং র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।

এ সময় আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে আনুমানিক ৩ টন, অর্থাৎ প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়। জব্দকৃত এসিড ১০০টি ৩০ লিটারের জেরিকেনে সংরক্ষিত ছিল।

উখিয়া থানার এসআই শুভ সরকার উপস্থিত হয়ে জব্দকৃত আলামত হেফাজতে নেন। নিরাপত্তাজনিত কারণে দোকানটির শাটার নামিয়ে তালাবদ্ধ করা হয় এবং স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়। একই সঙ্গে পরীক্ষার জন্য একটি ৩০ লিটারের কন্টেইনার থেকে নমুনা সংগ্রহ করে থানায় নেওয়া হয়েছে।

জব্দকৃত এসিডের মালিক আক্তার হোসেন, পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব রাসায়নিক দ্রব্য মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চক্রগুলো মিয়ানমারের আরাকান আর্মি (এএ)সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে এসব রাসায়নিক পাচার করে থাকে। এসব এসিড মাদক (ইয়াবা ও আইস) এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মার্কেট মালিকসহ সংশ্লিষ্ট আরও ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here