মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

0
মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ১৫ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী।

পরে হাইকমিশনের হলরুমে হাইকমিশনার মনজুরুল করিম খানের সভাপতিত্বে ও প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যের শুরুতে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় তিনি সর্বপ্রথম বিদেশে শ্রমিক প্রেরণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্থাপনে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সব ধরনের সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ, সাংবাদিক, পেশাজীবী, সাধারণ প্রবাসীরাসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here