মালয়েশিয়ায় সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

0
মালয়েশিয়ায় সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত নুজুল আল-কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থী কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বছর চারটি দেশের চারজন শিক্ষার্থী এই সম্মাননায় ভূষিত হন। তাদের মধ্যে একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন রফিকুল ইসলাম।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং ইনায়েত জাহরার সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও অ্যালামনাই বিভাগের পরিচালক দাতো’ ফাজুরা জুফা বিনতি মুস্তাফা কামাল। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং বহু সাংস্কৃতিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

সিটি ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সিটি ইউ বাংলাদেশি ইউথ ক্লাব–এর প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে রফিকুল ইসলাম সংগঠনটির প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মালয়েশিয়ায় তার নেতৃত্বযাত্রা শুরু হয় মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)–এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২৩–২৪ সেশনে দায়িত্ব পালনের মাধ্যমে। পাশাপাশি তিনি এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স–এর বিচারক এবং ২০২৪ সেশনে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকৌশল অনুষদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিওয়াইএএম)–এর কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠিত করা এবং নেতৃত্ব বিকাশে অবদান রেখে চলেছেন। একইসঙ্গে জেসিআই মালয়েশিয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নিজ বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্ব, মেধা ও ইতিবাচক অবদান তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, সিটি ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জিত হয়েছে, যা প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজ্জান গ্লোবাল–এর ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, ইউআইটিএম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার কামরুল হাসান এবং বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিওয়াইএএম)–এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার দিয়ানা, বিভিন্ন দেশের ব্যবসায়ী, অধ্যাপক, সিটি ইউনিভার্সিটির লেকচারার, শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের যুব নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here