সেন্ট মার্টিন দ্বীপ-সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। একই সময়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১ মার্চ মধ্যরাত তিনটার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশিতে নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

