মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?

0
মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের দাপুটে জয়ে মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে এই আনন্দ ম্লান করে দিয়েছে অধিনায়ক মিচেল মার্শের ইনজুরি। অনুশীলনে পাওয়া গুরুতর চোটের কারণে আয়ারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টেই তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে স্টিভেন স্মিথকে শ্রীলঙ্কায় উড়িয়ে আনছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অনুশীলনের সময় সরাসরি বলের আঘাত পান মিচেল মার্শ। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার অণ্ডকোষের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, মার্শ বর্তমানে তীব্র ব্যথায় ভুগছেন এবং তার স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিনি মাঠে ফিরতে পারছেন না।

স্মিথের অন্তর্ভুক্তি মার্শের ছিটকে পড়ার শঙ্কায় স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। যদি চিকিৎসকরা মার্শকে পুরো টুর্নামেন্টের জন্য ‘আনফিট’ ঘোষণা করেন, তবেই কেবল স্মিথ মূল স্কোয়াডে জায়গা পাবেন।

চোটজর্জর অস্ট্রেলিয়া শিবির টুর্নামেন্ট শুরু হতে না হতেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না অজিদের। আগেই চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের দুই মূল পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এবার খোদ অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

আগামী শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। মার্শের অনুপস্থিতিতে তখন কে দলের হাল ধরবেন, সেটিই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here