মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান

0
মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান জানাল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বা যুদ্ধের হুমকিতে ইরান ভয় পায় না। তিনি বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে কোনো সিদ্ধান্ত বদল করা যাবে না।’

রবিবার তেহরানে এক আলোচনাসভায় তিনি এই কথা বলেন। সেখানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের আস্থা খুবই কম। তার মতে, ওয়াশিংটন নতুন করে আলোচনায় বসার কথা বললেও তারা বিষয়টি আন্তরিকভাবে নিচ্ছে কী না, তা নিয়ে সন্দেহ আছে।

আরাগচি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি (পারমাণবিক জ্বালানির জন্য ইউরেনিয়াম প্রস্তুত করা) বন্ধ করবে না। এমনকি যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও নয়। তার ভাষায়, কেউ আমাদের আচরণ ঠিক করে দিতে পারে না। এটা আমাদের অধিকার।

যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। আরব সাগরে পাঠানো হয়েছে বড় যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন। এ বিষয়ে আরাগচি বলেন, ‘এই সামরিক মোতায়েনে আমরা ভীত নই।’

দীর্ঘ বিরতির পর শুক্রবার ওমানে আবার আলোচনা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এই আলোচনা নতুন করে শুরু হয়। আলোচনায় ইরানের মূল দাবি—দেশটির ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

এর বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু আস্থা তৈরির পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আরাগচি। তবে তিনি পরিষ্কার করেন, আলোচনায় শুধু পারমাণবিক বিষয়ই থাকবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের বিষয় আলোচনায় আনা হলে ইরান তা মানবে না।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে, ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চায়। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। আরাগচির ভাষায়, আমরা পারমাণবিক বোমা চাই না। আমাদের শক্তি হলো বড় শক্তির সামনে ‘না’ বলতে পারা।

এদিকে আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপে আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here