যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি বিমান বাহিনী ঘাঁটিতে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হলোম্যান এয়ারফোর্স বেস এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে।
সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ঘাঁটির ভেতরে থাকা একটি শপিং স্টোরের কাছে বন্দুকধারীর উপস্থিতির খবর পাওয়ার পরপরই পুরো এলাকা লকডাউন করে দেয় কর্তৃপক্ষ। ৫৯ নম্বর উইংয়ের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি প্রায় ৯৩ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন। আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও এখন পর্যন্ত হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট শপিং স্টোরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে সামরিক স্থাপনাগুলোতে সম্প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে নিউ মেক্সিকোর কার্টল্যান্ড এয়ারফোর্স বেসে এবং জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতেও একই ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল।
সূত্র: আরটি

