মানিকগঞ্জে মস্তকবিহীন লাশ উদ্ধার, গ্রেফতার তিন

0
মানিকগঞ্জে মস্তকবিহীন লাশ উদ্ধার, গ্রেফতার তিন

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকার কালীগঙ্গা নদী থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হলেও এখনও মরদেহের মস্তকটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী। 

পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের অটোরিকশা চালক রফিক মিয়া (২৮) কে গত ২৪ মার্চ রাতে গাঁজা খাওয়ার কথা বলে আরেক অটোরিকশাযোগে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায় তার বন্ধু নির্মাণ শ্রমিক রিপন, সজিব ও আরমান। 

সেখানে নেওয়ার পর আরমান রফিকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর, রিপন দা দিয়ে তার গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করে। এ সময় আরমান হাত ধরে রাখে এবং সজিব পা ধরে রাখে। এরপর তারা তার মাথা এবং শরীর নদীতে ফেলে দেয়। এরপর ভোররাতে রফিকের অটোরিকশাটি নিয়ে রিপন সাভারে চলে যায়। 

গত ২৫ মার্চ বিকেলে নদী থেকে পুলিশ মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে। এরপর প্রযুক্তির সহযোগিতায় ২৬ মার্চ বেলা দুইটার দিকে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে রিপন মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান ও সবুজকে গ্রেফতার করে এবং মস্তক উদ্ধারের অভিযান অব্যাহত আছে। রিপন রফিকের অটোরিকশা লুট করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি জানান।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মস্তক উদ্ধারের চেষ্টা চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here