মাদারীপুরে প্রবাসী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

0
মাদারীপুরে প্রবাসী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে আলোচিত ইতালি প্রবাসী হালিম খান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে মাদারীপুর র‌্যাব-৮ এবং ঢাকার র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুরের ৬ নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে দুই আসামিকে গ্রেফতার হয়। পরে আসামিদের রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত হালিম খানের শ্যালক সবুজ চৌকিদার (৩০) এবং সবুজের স্ত্রী মোসা. আরিফা (২৫)। সবুজ মামলার ২ নম্বর এবং আরিফা ৫ নম্বর আসামি।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় পাঁচ বছর আগে রাজৈরের রাজোন্দি দ্বারাদিয়া গ্রামের সামাদ চৌকিদারের মেয়ে রেশমা বেগমের সঙ্গে পাশের ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত হাজী কমল খানের ছেলে হালিম খানের দ্বিতীয় বিয়ে হয়। এরপর জীবিকার তাগিদে হালিম ইতালিতে পাড়ি জমান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর চলতি বছরের ১০ মার্চ দেশে ফিরে শ্বশুরবাড়িতে ওঠেন তিনি।

দেশে ফেরার পর প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে স্ত্রীর পরিবারের সঙ্গে হালিমের বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে গত ২৪ জুন রাতে হালিমের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ভোর রাতে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল রাজ্জাক খান বাদী হয়ে রাজৈর থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

ওসি মাসুদ খান জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here