মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রবাসী যুবক প্রান্ত হাওলাদারকে (২৮) ফাঁসানো হয়েছে—এমন অভিযোগ এনে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রান্ত হাওলাদারের স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় প্রান্ত হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে, যা একজন নিরপরাধ মানুষের জন্য চরম হয়রানির শামিল। বক্তারা অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রান্ত হাওলাদারের মা আসমা বেগম মানববন্ধনে আবেগঘন বক্তব্যে বলেন, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর মাসখানেক আগে দেশে ফিরে সে বিয়ে করেছে। ঘটনার সময় সে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। আমি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।
মানববন্ধন থেকে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন অংশগ্রহণকারীরা।
প্রান্ত হাওলাদার মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরু হাওলাদারের ছেলে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, নির্দোষ কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মাদারীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় প্রান্ত হাওলাদারকে দুই নম্বর আসামি করা হয়েছে।

