মাদারীপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

0
মাদারীপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

মাদারীপুর পৌর শহরের কুলপদ্দী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সাউন্ড লাইটিংয়ের দোকানসহ দুটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলপদ্দী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন খান। তারা ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলপদ্দী বাজারটি এলাকার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাজার। প্রতিদিনের মতো শনিবার রাত ১১টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত আনুমানিক ২টার দিকে ‘লামিয়া ডিজিটাল সাউন্ড’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত দেখতে পান পাশের মসজিদের ইমাম। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ‘লামিয়া ডিজিটাল সাউন্ড’, ‘সুগন্ধা টেইলার্স’ ও ‘মোল্লা টেইলার্স’—এই তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারের সহায়তা জরুরি। বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা দিলে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন।

বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ খান বলেন, “ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমরা সবাই চেষ্টা করব।”

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here