মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেস (ছদ্মনাম ‘এল মেনচো’) নিহত হওয়ার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে ফুটবল অঙ্গনেও, লিগের চারটি ম্যাচ স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার জালিস্কোর তাপালপা শহরে অভিযান চালায় মেক্সিকোর সেনাবাহিনী। গ্রেপ্তারের পর রাজধানী মেক্সিকো সিটি-তে নেওয়ার পথে সাভাতেসের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধে। গুরুতর আহত সাভাতেস পরে মারা যান বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অভিযানে সিজেএনজি জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের চার সদস্য নিহত এবং তিন সেনাসদস্য আহত হয়েছেন। প্রতিশোধ হিসেবে কার্টেল সদস্যরা আটটি অঙ্গরাজ্যে গাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।
উত্তপ্ত পরিস্থিতির কারণে শীর্ষ পুরুষ লিগের একটি, নারী লিগের একটি এবং দ্বিতীয় বিভাগের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
মেক্সিকো জাতীয় দল আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কুয়েরেতারোয় মাঠে নামার কথা। ম্যাচটি হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেক্সিকো ফুটবল ফেডারেশন।
উল্লেখ্য, জালিস্কোর রাজধানী গুয়াদালাহারা ২০২৬ বিশ্বকাপের অন্যতম ভেন্যু। আগামী জুন-জুলাইয়ে এখানে চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়া, স্পেন, উরুগুয়ে, কলম্বিয়া ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচও রয়েছে এই শহরে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্বকাপ প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

