মাটির নিচ থেকে প্রাচীন মটকা উদ্ধার, ‌‘গুপ্তধনের’ খবরে উৎসুক জনতার ভিড়

0
মাটির নিচ থেকে প্রাচীন মটকা উদ্ধার, ‌‘গুপ্তধনের’ খবরে উৎসুক জনতার ভিড়

নারায়ণগঞ্জের বন্দরে একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে পুরোনো এই মটকাটির ভেতরে ‘গুপ্তধন’ থাকতে পারে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণকাজে মাটি খননের সময় মটকাটি বেরিয়ে আসে।

স্থানীয়রা জানান, ভবনটির নির্মাণকাজে মাটি খননের সময় মাটির বেশ গভীরে থাকা বিশালাকার পাত্রটি অক্ষত অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রাচীনকালের মানুষ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহার করতেন—এমন বিশ্বাস থেকেই গুপ্তধনের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কমিশনার সুলতান আহমেদ বলেন, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। সেইসঙ্গে বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদফতরকে জানানো হয়েছে। মটকাটির ভেতরে আসলে কী আছে, এটি কতটা প্রাচীন; তা তাদের বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে।

সোনারগাঁয়ের পানাম সিটির দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, মটকাটি শত বছরের পুরোনো হবে। এটি আগের দিনের মানুষ পানি সংগ্রহে অথবা ধান চালসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহে রাখত। এটি অবশ্যই প্রত্নতত্ত্ব নিদর্শন। বিষয়টি আমি ঊর্ধ্বতনদের জানাব। এটি আমরা উদ্ধার করে আমাদের সংগ্রহে রাখব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here