সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি।
মঙ্গলবার সকালে মাগুরা সরকারি তিন নম্বর প্রাইমারি স্কুলে অর্ধশতাধিক মানুষের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়।
কণ্ঠবীথির আহ্বায়ক মাজহারুল হক লিপু জানান, কণ্ঠবীথি সাংস্কৃতিক সংগঠন হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় সংগঠনের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য ও সুহৃদের সহযোগিতায় অসহায় মানুষের মধ্যে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, প্রতিটি প্যাকেটে চাল, চিনি, সেমাই, দুধ, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে। অর্ধশতাধিক মানুষকে এই উপহার দেওয়া হয়েছে।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, কণ্ঠবীথির প্রতিষ্ঠাতা রকিবুল হক দিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোখলেছুর রহমান, জ্যেষ্ঠ সদস্য রুবায়েত ফিরোজ, ফজল মাহমুদ, রাশেদুল ইসলাম, শ্রাবন্তী, হাসিবুল আলমসহ আরও অনেকে।

