মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি

0
মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি

অস্ট্রেলিয়ায় ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ভারতীয় ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর বিশালাকার একটি ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে।

নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি উপহার দিয়েছিল। 

সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে মঙ্গলবার জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত মধ্যরাতে মহাত্মা গান্ধীর এই বিশালাকার ভাস্কর্য চুরির ঘটনা ঘটে। চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে পায়ের গোড়ালির ঠিক ওপর থেকে ভাস্কর্যটি কেটে নিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, এটি টুকরা টুকরা করে কেটে ফেলা হয়। তবে কারা এটি চুরি করেছে তা রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কেটে ফেলা হয়েছে। শুধুমাত্র এর পায়ের তালু দুটি সেখানে রয়ে গেছে।

চুরির পর ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। পুরোনো ব্রোঞ্জের ব্যবসায়ীদের পুলিশ সতর্ক করেছে কেউ যদি তাদের কাছে ব্রোঞ্জ বিক্রি করতে আসে তাহলে তাদের যেন অবহিত করা হয়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার বলেছেন, চুরির ঘটনা আংশিকভাবে ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে এবং পরেরদিন এ ব্যাপারে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক প্রধামন্ত্রী স্কট মরিসন ২০২১ সালে ভাস্কর্য স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাস্কর্যটি স্থাপন করার মাত্র ২৪ ঘণ্টা পরই এটিতে ভাঙচুর চালানো হয়।

অস্ট্রেলিয়ায় সম্প্রতি ভারতবিরোধী মনোভাব বেড়ে গেছে। এরমধ্যেই এই ভাস্কর্য চুরির ঘটনা ঘটল। অভিযুক্তরা একটি সাদা ভ্যানগাড়িতে করে এসে এটি কেটে নিয়ে যায়। ওই সময় তাদের মুখে কাপড় মোড়ানো ছিল। সূত্র: অস্ট্রেলিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here