বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই-কে একীভূত করার ঘোষণা দিয়েছেন।
সোমবার স্পেসএক্সের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই ঐতিহাসিক মার্জারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই একীভূতকরণের ফলে পৃথিবী ও মহাকাশে একটি উচ্চাকাঙ্ক্ষী ‘উদ্ভাবনী ইঞ্জিন’ তৈরি হবে। এর অধীনে এআই প্রযুক্তি, রকেট সায়েন্স, স্টারলিংক ইন্টারনেট এবং রিয়েল-টাইম তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্মগুলো এক ছাতার নিচে চলে আসবে। এই চুক্তির আওতায় স্পেসএক্স এখন থেকে এক্সএআই-এর জনপ্রিয় চ্যাটবট ‘গ্রোক’ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর মালিকানাও অর্জন করবে।
ইলন মাস্ক এই অধিগ্রহণের অন্যতম প্রধান কারণ হিসেবে মহাকাশভিত্তিক বিশাল ‘ডেটাসেন্টার’ স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।
বাজার বিশ্লেষকদের মতে, স্পেসএক্স চলতি বছরের মধ্যেই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পরিকল্পনা করছে। একীভূত হওয়ার পর প্রতিষ্ঠানটির বাজার মূল্য ১ ট্রিলিয়ন (১ লক্ষ কোটি) ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মাস্ক সম্প্রতি তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে নানা কৌশলগত পদক্ষেপ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় টেসলা গত মাসে এক্সএআই-তে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছিল। এই মার্জারের ফলে প্রযুক্তি বিশ্বে মাস্কের একচ্ছত্র আধিপত্য আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

