মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান

0
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড শনিবার এক কড়া বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে তাদের সমস্ত শিল্পকারখানা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আমেরিকানদের অংশীদারত্ব রয়েছে এমন বাণিজ্যিক বা শিল্প স্থাপনাগুলোর কাছাকাছি এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এই সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য যেকোনো ‘ক্ষয়ক্ষতি’ এড়াতেই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

গত দুই দিন ধরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই কঠোর অবস্থান নিল তেহরান। 

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ইরানের বেশ কিছু অসামরিক কারখানায় চালানো হামলায় বেশ কয়েকজন সাধারণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। ইরান এই হামলার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের জ্বালানি খাতে কোনো ধরনের আঘাত আসলে তার পাল্টা জবাব হিসেবে এই অঞ্চলে থাকা আমেরিকান কোম্পানি বা তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

রেভল্যুশনারি গার্ডের এই সর্বশেষ বার্তাটি বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের মতে, এর মাধ্যমে ইরান স্পষ্ট করে দিল যে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি ছাড়াও যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমেরিকানদের পরোক্ষ বিনিয়োগ বা শেয়ার রয়েছে, সেগুলোও এখন হামলার আওতায় পড়তে পারে। সংঘাত আরও তীব্রতর হলে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন বাণিজ্যিক স্বার্থ যে চরম ঝুঁকির মুখে পড়বে, ইরানের এই হুমকি মূলত তারই পূর্বাভাস।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here