অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো এই মুহূর্তে নতুন কোনো সিনেমা পরিচালনা করছেন না। এই অবসরে ব্রিটিশ মঞ্চ নাটক তৈরির পরিকল্পনা করেছেন টারান্টিনো।
তার পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ এর সিকুয়েল ‘দ্য অ্যাডভেঞ্চার্স অফ ক্লিফ বুথ’ পরিচালনা করছেন ডেভিড ফিঞ্চার। আর নতুন আরেকটি সিনেমা ‘দ্য মুভি ক্রিটিক’ এর প্রজেক্ট বাতিল করেছেন টারান্টিনো। ফলে আপাতত হাতে কোনো সিনেমার কাজ নেই। এই কারণেই মঞ্চ নাটক তৈরির কথা ভাবছেন টারান্টিনো।
এই নির্মাতার লেখা নাটকটিকে ‘পুরনো ধাঁচের ব্রিটিশ প্রহসন’ বলে অভিহিত করেছে দ্য ডেইলি মেইল। নাটকটির নির্দেশনাও দেবেন টারান্টিনো নিজে। লন্ডনের ওয়েস্ট এন্ডে নাটকটি আসতে পারে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। ভ্যারাইটি জানিয়েছে, ওয়েস্ট এন্ডের জনপ্রিয় কমেডি ‘নয়জেস অফ’ এর মত ফিজিক্যাল কমেডি নির্ভর নাটক হবে টারান্টিনোর এই নতুন নাটকটি।
গত বছর অগাস্টে টারান্টিনো এক পডকাস্টে প্রথমবার একটি মঞ্চনাটক লেখা ও নির্দেশনার ইঙ্গিত দেন। সে সময় তিনি বলেছিলেন, নাটক নিয়ে তার প্রস্তুত হতে ‘দেড় থেকে দুই বছর সময়’ লাগতে পারে। নাটকে হলিউডের একাধিক নামী তারকাকে দেখা যেতে পারে এমনটাই ধারণা দিয়ে গণমাধ্যমগুলো। ভ্যারাইটি বলছে উঠতি অভিনেতা ও তারকাদের সমন্বয়ে এই নাটক নির্মাণ করবেন টারান্টিনো।
টারান্টিনোকে সবশেষ দেখা গেছে ওয়েলশ পরিচালক জেমি অ্যাডামসের সিনেমা ‘ওনলি হোয়াট উই ক্যারি’তে অভিনয় করতে। টারান্টিনো নির্মিত সবশেষ সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও, মারগট রবি অভিনয় করেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায়।

