ভিয়েতনামের ম্যাচটি বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছে বাংলাদেশ

0
ভিয়েতনামের ম্যাচটি বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনাম এবং ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। দুটি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় রাতের কৃত্রিম আলোতে প্রথম সেশনে অংশ নিয়েছেন জামাল ভূঁইয়ারা। সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় দলে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে।

ক্যাম্প শুরুর দিনে শেখ মোরসালিন বলেছেন, ‘আজ থেকে আমাদের ক্যাম্প শুরু। দলে যারা আছেন, সবাই ভালো অবস্থায় আছেন। এই কোয়ালিফায়ার রাউন্ডে আমাদের ভালো সুযোগ আছে আমরা দ্বিতীয় হয়েও শেষ করতে পারি। এই ম্যাচ জিততে পারলে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় স্থানে থাকতে পারবো।’

সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে লড়াইকে বাড়তি প্রেরণা হিসেবে দেখছেন মোরসালিন। তার ভাষায়, ‘এটা আমাদের জন্য ভালো প্রস্তুতি। সবাই নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। তাই এটা আমাদের জন্য বাড়তি মোটিভেশন।’

ব্যক্তিগত পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি সবসময় দলের জন্য খেলতে চাই। আমার প্রথম লক্ষ্য থাকে দলকে জেতানো। সুযোগ এলে অবশ্যই গোল করার চেষ্টা করবো, তবে সবার আগে দলকে জয় এনে দেওয়াই আমার অগ্রাধিকার।’

ঈদের সময়ও অনুশীলন চালিয়ে যেতে হবে দলকে। এ নিয়ে মোরসালিন বলেছেন, ‘আমরা ত্যাগ স্বীকার করছি। পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না। তবে আমাদের লক্ষ্য থাকবে আসন্ন দুই ম্যাচে ভালো ফল করা। আমরা দেশবাসীকে জয় উপহার দিতে চাই। সবার কাছে দোয়া চাই।’

দলের বর্তমান শক্তি নিয়েও আশাবাদী এই মিডফিল্ডার। তিনি বলেছেন, ‘আমাদের দলের শক্তি অনেক বেড়েছে। খেলোয়াড়রা এখন অনেক বেশি মোটিভেটেড। আগের চেয়ে ভালো র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষেও আমরা হেড-টু-হেড লড়াই করার চেষ্টা করি। এখন আমরা অনেক শক্তিশালী দল।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি আছে একটি ম্যাচ। আর সেটা ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। মূলপর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হলেও ম্যাচটি র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা।

এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবলাররা অনুশীলন করছেন। তবে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন না।

২১ মার্চ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে তার ক্লাব লেস্টার সিটি। সেই ম্যাচ শেষে ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। দলের অন্য সদস্যরা ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবেন।

জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ‘হামজা ভিয়েতনামেই দলের সঙ্গে যোগ দেবে এবং ভিয়েতনামের বিপক্ষে খেলবে। এরপর সিঙ্গাপুরে যাবে, ম্যাচ শেষে দেশে ফিরবে।’

বাবু আরও জানান, ‘ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় থাকবে। সেখান থেকে ২৩ জনকে নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ঈদের আগেই খেলোয়াড়দের ডাকা হয়েছে—আমরা ঈদের চেয়ে খেলাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি।’

চুক্তি অনুযায়ী, এই দুটি ম্যাচ দিয়েই কোচ কাবরেরার দায়িত্ব শেষ হওয়ার কথা। তবে তার চুক্তি নবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমিরুল বাবু বলেছেন, ‘সিঙ্গাপুর ম্যাচের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দল দেশে ফেরার পর আলোচনা হবে।’

বর্তমানে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here