ভালোবাসা দিবসেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে ঢাকার একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে সম্পন্ন হয়েছে এ বিয়ে। তার স্ত্রী সাথী আক্তার, ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের ছাত্রী।
জানা গেছে, দু’পরিবারের সমঝোতায় হলেও দীপু ও সাথীর পরিচয়ের সূচনা হয়েছিল প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব, তারপর ভালোবাসা। সময়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলে দু’জন একসঙ্গে সিদ্ধান্ত নেন- বিয়েটা হবে ভালোবাসা দিবসেই। সেই পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে সম্পন্ন হয় তাদের বিয়ে।
নববধূ সম্পর্কে দীপু হাজরা বলেন, “আমাদের বোঝাপড়া খুব ভালো। সাথী বেশ কেয়ারিং। আমার বিশ্বাস, স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তাহলে সে সম্পর্ক বেশি দূর এগোয় না।”
তবে বড় আয়োজন না করতে পারায় খানিকটা আক্ষেপও রয়েছে নির্মাতার কণ্ঠে। তিনি জানান, “বর্তমান সময় ও দিনটির প্রেক্ষাপট বিবেচনায় বড় অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সময়-সুযোগে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।”
শোবিজ অঙ্গনে পরিচিত মুখ দীপু হাজরা। তার নির্মিত একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবনের এ নতুন যাত্রায় সহকর্মী ও ভক্তরা শুভকামনা জানাচ্ছেন এ নব দম্পতিকে।

