টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ম্যাচটি কলম্বোয় আয়োজনের কথা উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠায় লঙ্কান বোর্ড। তবে বিষয়টি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত হওয়ায় সেই অনুরোধ রাখতে পারছে না পিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া বক্তব্যে পিসিবির একটি সূত্র জানিয়েছে, তারা এসএলসির চিঠি পেয়েছে। তবে বোর্ডের হাতে এ বিষয়ে কিছু করার সুযোগ নেই বলে জানানো হয়েছে।
পিসিবির ওই সূত্রের ভাষ্য, ‘হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু এই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের। বোর্ডের পক্ষে তা পরিবর্তন করা সম্ভব নয়।’
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু পাকিস্তান সরকার আগেই জানিয়ে দিয়েছে, এই ম্যাচে দল মাঠে নামবে না।
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচটি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। পাশাপাশি সহ-আয়োজক শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। এ কারণেই পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় এসএলসি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ম্যাচটি আয়োজনের ব্যাপারে দৃঢ় আগ্রহের কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পাকিস্তানের সব ম্যাচের জন্য বাণিজ্যিক, অপারেশনাল, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন থাকার কথাও উল্লেখ করা হয়েছে। টিকিট বিক্রি ও আতিথেয়তা ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত পরিকল্পনার কথা জানানো হয়।
বিশ্বকাপ ঘিরে এই জটিলতার সূত্রপাত এক মাস আগেই। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবি নাকচ করে দেয় আইসিসি। পরে বাংলাদেশ সিদ্ধান্তে অটল থাকলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
আইসিসির ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় পিসিবি। শুরু থেকেই বাংলাদেশের পাশে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

