জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলের ঝড়ো ইনিংসের পর বল হাতে ম্যাচ নিয়ন্ত্রণে নেন দুই স্পিনার আকিল হোসেন ও গুডাকেশ মোটি। তাদের ঘূর্ণিতে ১০৭ রানের বড় জয় পায় ক্যারিবীয়রা।
ম্যাচে সবচেয়ে সফল ছিলেন মোটি। চার ওভারে ২৮ রান দিয়ে নেন ৪ উইকেট। সমান রান খরচায় আকিল পান ৩ উইকেট। অর্থাৎ দুই স্পিনার মিলে ৮ ওভারে মাত্র ৫৬ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
তবে সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস মনে করছেন, আসল চ্যালেঞ্জ এখনও বাকি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই হবে এই দুই স্পিনারের প্রকৃত পরীক্ষা।
ডু প্লেসিসের ভাষ্য, আকিল ট্যাকটিক্যালি খুবই স্মার্ট বোলার। ব্রায়ান বেনেটের বিপক্ষে তার বোলিং ছিল অসাধারণ। বলের টার্ন ও বাউন্স ছিল মানসম্পন্ন। তিনি আকিলকে পাওয়ারপ্লে বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে তুলনা করেন সাবেক স্পিনার স্যামুয়েল বাদ্রির সঙ্গে। অন্যদিকে মোটি মাঝের ওভারগুলোতে এসে ম্যাচের গতি থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রশংসার পাশাপাশি সতর্কবার্তাও দেন ডু প্লেসিস। তার মতে, ভারতের মাটিতে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে, বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের সামলে এই দুই স্পিনার কতটা কার্যকর থাকেন সেটাই এখন দেখার বিষয়।
অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যের পর সামনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষেই আকিল-মোটিদের দক্ষতার আসল মূল্যায়ন হবে।

