ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিহত ২, নিখোঁজ ৭

0
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিহত ২, নিখোঁজ ৭

মেঘভাঙা বৃষ্টি আর পাহাড়ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড রাজ্য। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরকাশীর। জায়গায় জায়গায় ধস নেমে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে।

উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশী এলাকায় শনিবার রাতে আকস্মিক বন্যায় নির্মাণাধীন একটি হোটেলের কাছে শ্রমিকদের তাঁবু ভেসে যাওয়ায় দুইজন শ্রমিক নিহত হন। ঘটনাস্থল থেকে ১০ জন শ্রমিককে উদ্ধার করা হলেও, এখনো সাতজন নিখোঁজ রয়েছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যমুনা নদীর তীর থেকে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের আকস্মিক বন্যায় বারকোট-যমুনোত্রী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টির কারণে পাহাড় ধ্বসে বদরীনাথ এবং যমুনোত্রী যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। দেশটির আবহাওয়া দপ্তর আরও ভারি বৃষ্টি এবং ধ্বসের সতর্কতা জারি করেছে। এর ফলে উত্তরাখণ্ডে অবস্থিত হিন্দু ধর্মের চারধামে পুণ্যার্থীদের যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত করেছে প্রশাসন।

গাড়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে চারধাম যাত্রা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে হরিদ্বার, হৃষীকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ এবং বিকাশনগরে পুণ্যার্থীদের থামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here