ভারতকে বাতিলের খাতায় ফেলা হবে বোকামি: ক্লার্ক

0
ভারতকে বাতিলের খাতায় ফেলা হবে বোকামি: ক্লার্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের কঠিন সমীকরণের মধ্যেও ভারতেকে ফাইনালে দেখছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের মতে, বিশ্বের সেরা দলকে এখনই হিসাবের বাইরে রাখা হবে বড় ভুল।

বিশ ওভারের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত এবারের আসর শুরু করেছিল দুর্দান্তভাবে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে জায়গা করে নেয় তারা। তবে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় দলটি।

আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বড় ব্যবধানে হারে ভারত। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ধসে ১১১ রানেই গুটিয়ে যায় তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি ভারতের অন্যতম বড় পরাজয়। এই হারে রান রেটেও বড় প্রভাব পড়ে, ফলে সেমিফাইনালের পথ কঠিন হয়ে ওঠে। বাকি দুই ম্যাচ জিতলেও অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতে পারে তাদের।

clarck
বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে মাইকেল ক্লার্ক। সংগৃহীত ছবি

তবুও আশাবাদী ক্লার্ক। ‘বিয়ন্ড২৩ ক্রিকেট’-এ কথা বলতে গিয়ে তিনি বলেন, পরিস্থিতি কঠিন হলেও ভারতই এখনও তার চোখে সেরা দল। সুরিয়াকুমার যাদবের নেতৃত্বে দলটি চেনা কন্ডিশনে খেলছে এবং চাপ সামাল দেওয়ার সামর্থ্য তাদের আছে বলেও মন্তব্য করেন তিনি।

ক্লার্কের ভাষ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ভারতের জন্য সতর্কবার্তা হলেও তাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বরং এখন দেখার বিষয়, চাপের মুখে তারা কীভাবে ঘুরে দাঁড়ায়।

সুপার এইটে ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি হতে পারে গ্রুপ থেকে পরের ধাপে ওঠার নির্ধারক। ক্লার্ক মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে আত্মবিশ্বাসী ও ছন্দে থাকা দল, ফলে ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এর আগে বৃহস্পতিবার  জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত। ক্লার্কের মতে, সেই ম্যাচে ভারত ফেভারিট হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আসল পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here