ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

0
ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যার দিকে কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

অভিযুক্তরা হলেন নিহতের ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, দীর্ঘদিন ধরে তার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে মামলা চলছিল। ওই মামলাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বিরোধের জেরে বুধবার বিকেলে প্রতিপক্ষের রিফাত, সিফাত ও তাদের পরিবারের লোকজন তাঁর বাবার নাম ধরে গালিগালাজ করতে থাকে এবং তাকে খুঁজতে থাকে। সে সময় রতন মিয়া পাশের বিলে জমিতে কাজ করছিলেন।  বিকেল সাড়ে চারটার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে বিলের জমিতে গিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার পর একপর্যায়ে জমির কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে তাঁর হাত ও পায়ের রগ কেটে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্থানীয় পৌর কমিশনার মো. আবু সায়িদ বলেন, রতন মিয়ার সঙ্গে তার ভাতিজা রিফাত ও সিফাতের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here