ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় সিসিবিএল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবু জাফর জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পর আহত ২৩ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

