ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত ১০

0
ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে তাদের আমন্ত্রিত গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকাল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামে লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। খাওয়ার সময় কনেপক্ষের আমন্ত্রিত কয়েকজন অতিথি মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

দুই পক্ষ লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর ও মমতাজ বেগমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিজাউল মাতুব্বর বলেন, বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ার অভিযোগ কে কেন্দ্র করে এবং স্থানীয় কিছু সমস্যা থাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এখানে মেয়ে পক্ষের সাথে বরপক্ষের কোন ঝামেলা হয়নি। যাদের সাথে ঝামেলা হয়েছে তারা মেয়ে পক্ষের আমন্ত্রিত অতিথি। সংঘর্ষের পরে বরসহ বরপক্ষের লোকজন মেয়ে বাড়িতে আসেন এবং বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মেয়েপক্ষের বাড়িতে তাদের আমন্ত্রিত কিছু অতিথিকে মাংস কম দেয়া হয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত ব্যক্তি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিয়ে সম্পন্ন হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষের কেউই থানায় অভিযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here