ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ

0
ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে।

পবিত্র রমজান উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে টিসিবি সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করছে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং আধা কেজি খেজুর কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা।

হরিদাসপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম শেখ বলেন, বাজারের তুলনায় এখানে অনেক কম দামে পণ্য পাওয়া যাচ্ছে। আমি দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর নিয়েছি। সব মিলিয়ে ৫৯০ টাকা খরচ হয়েছে। এতে আমাদের পরিবারের বেশ সাশ্রয় হচ্ছে।

ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্সের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ৪০০ পরিবারকে নির্ধারিত দামে এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় পণ্য বিক্রি করছি। যাতে প্রকৃত নিম্নআয়ের মানুষরা উপকৃত হন, সেজন্য পরিচয় যাচাই করে পণ্য দেওয়া হচ্ছে। রমজান মাসজুড়ে মানুষের চাহিদা বেশি থাকায় আমরা যথাসম্ভব সুশৃঙ্খল পরিবেশে ট্রাক সেল কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি।

স্থানীয়রা জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির এ উদ্যোগ স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তারা নিয়মিতভাবে এমন কার্যক্রম চালু রাখার দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবির ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here