ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে বলিউড অভিনেতা

0
ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে বলিউড অভিনেতা

আসন্ন সিনেমা ‘ও রোমিও’-র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরি। এরই অংশ হিসেবে শুক্রবার মুম্বাইয়ে জমকালো আয়োজনে মুক্তি পায় সিনেমার নতুন গান ‘পান কি দোকান’। তবে উৎসবের মেজাজে শুরু হওয়া এই অনুষ্ঠানটি মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়।

অনুষ্ঠানে সংবাদমাধ্যমের পাশাপাশি সাধারণ ভক্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। মঞ্চে পারফর্ম করার সময় শাহিদ কাপুর কয়েকজন ভক্তকে তার সঙ্গে নাচার জন্য আহ্বান জানান। কিন্তু প্রিয় তারকাকে কাছে পেয়ে উত্তেজনার বশে একসঙ্গে অসংখ্য মানুষ নিরাপত্তাবেষ্টনী ভেঙে মঞ্চে উঠে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং নিরাপত্তার খাতিরে শাহিদ দ্রুত মঞ্চ ত্যাগ করেন। পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিলে এবং দর্শকদের সরিয়ে দিলে তিনি আবারও মঞ্চে ফিরে আসেন।

‘আশিকোঁ কি কলোনি’-র সাফল্যের পর ‘পান কি দোকান’ গানে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শাহিদ কাপুর ও দিশা পাটানি। গানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। এটির সংগীত পরিচালনা করেছেন ছবিটির নির্মাতা বিশাল ভরদ্বাজ। গীতিকার হিসেবে রয়েছেন গুলজার। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং ও রেখা ভরদ্বাজ। কোরিওগ্রাফি করেছেন জনি মাস্টার।

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির ঠিক আগমুহূর্তে আইনি গ্যাঁড়াকলে পড়েছে সিনেমাটি। হোসেন উস্তরার মেয়ে সানোবার শেখ মুম্বাই সিভিল কোর্টে একটি মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, সিনেমাটি তার বাবার জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি অননুমোদিত বায়োপিক, যেখানে তাকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে। আদালতের রায়ের ওপর নির্ভর করছে ছবিটির ভবিষ্যৎ। 

উল্লেখ্য, ‘কামিনে’, ‌‘হায়দার’ এবং ‘রেঙ্গুন’-এর পর এটি শাহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের চতুর্থ কাজ।

সূত্র: নিউজ ১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here